আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মৌলভীবাজার পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু নোমান মুয়িনের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সভাপতি মো. ফখরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মো. সাইফ উদ্দিন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সালেহ আহমদ সুমন, চাঁদনীঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন শাহ আলম, যুব নেতা আব্দুল কালাম রনি, কাজী তাহমিদ, আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক একটি জাতীয় ও সামাজিক অভিশাপ। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়; বরং দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, যারা দেশের তরুণ সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং মাদক ব্যবসার গডফাদারের ভূমিকা পালন করছে, তারা দেশ ও স্বাধীনতার শত্রু।
মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. মাদক আমদানির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ২. দেশে মাদক আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ৩. সরকারিভাবে মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। ৪. মাদকসেবী ও মাদক কারবারিদের গ্রেপ্তারের পর সহজে জামিন না দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ৫. শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক পাঠ্যক্রম চালু করতে হবে।৬. মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে পৃথক বাজেট বরাদ্দ রাখতে হবে।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST