প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তুলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় চাঁদপুরের মতলব উপজেলার দুর্গাপুর ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনকৃত প্রকল্পের আওতায় কালীপুর পাম্প হাউজ থেকে পাঠান বাজার–দাসের বাজার হয়ে ব্রাহ্মনচক পর্যন্ত দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ শাখা, মতলব চাঁদপুরের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচি এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলায় বর্ষাকালে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিত, ফলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতেন। পুনঃখননের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ ইমদাদ হোসেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং টেকসই উন্নয়নের পথে দুর্গাপুর ইউনিয়ন আরও একধাপ এগিয়ে যাবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST