মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামে ভিমরুলের (স্থানীয়ভাবে ভেঙ্গুর) কামড়ে গুরুতর আহত হওয়ার এক মাস সাত দিন পর মো. আয়াত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আয়াত মাইজগাঁও গ্রামের মো. সাদেক শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই বাড়ির পাশের পশ্চিম মাইজগাঁও জামে মসজিদের সামনে খেলাধুলার সময় তিন শিশুর মধ্যে এক শিশু ভিমরুলের চাকে ঢিল ছুড়ে তৎক্ষণাৎ ভিমরুলের ঝাঁক তাদের আক্রমণ করে। এতে তিনজনই আহত হয়। অপর দুই শিশু অল্প আক্রান্ত হলেও আয়াত গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে (আইসিও) দীর্ঘ এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৭ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষাকালে ভিমরুলের চাকের আশপাশে সতর্ক থাকার এবং শিশুদের নিরাপদে রাখার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST