সমাজ থেকে বিভিন্ন অপরাধ দূর করা, নৈতিক শিক্ষা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে মোহনগঞ্জের ধনপুর জামে মসজিদে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৭ আগস্ট, ২০২৬) পবিত্র জুমার নামাজ আদায় শেষে ধনপুর জামে মসজিদে উপস্থিত সম্মানিত সামাজিক ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বক্তা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সমসাময়িক নানা সামাজিক ব্যাধি ও অপরাধ রোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন। বিশেষ করে সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলা, তাদের সঠিক পথে রাখা এবং তরুণ প্রজন্মকে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার জোর আহ্বান জানানো হয়।
এ ছাড়া জমি-জমা সংক্রান্ত পারিবারিক ও সামাজিক বিরোধে জড়িয়ে না পড়ে আইনি পথ অবলম্বন করা, আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে না নেওয়া (মব জাস্টিস রোধ), ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা এবং মাজার বা ওরশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার অনুরোধ করা হয়। পাশাপাশি আত্মহত্যা রোধে সচেতনতা তৈরি এবং মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত বিভিন্ন আর্থিক ও তথ্যপ্রযুক্তিগত প্রতারণা থেকে নিজেকে সতর্ক রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
উপস্থিত সুধী সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সামাজিক স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের গঠনমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দিকনির্দেশনা অনুযায়ী সমাজ গঠনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময়কালে স্থানীয় ধনপুর জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন। পরিশেষে সবার সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি টানা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST