মুন্সীগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেলবোঝাই একটি কাভার্ডভ্যান ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার তেল, লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটস্থ সোনারগাঁও সিড ক্রাশিং থেকে গত ৯ জুলাই রাত ৩টার দিকে ৬৬৫ কার্টনে মোট ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল (আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা) নিয়ে যশোর ডিপোর উদ্দেশে রওনা দেন কাভার্ডভ্যানচালক মো. আকিব হাসান জয় ও তার সহকারী মো. নাহিদ হাসান।
পথিমধ্যে রাত সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজের প্রায় ১০০ গজ উত্তরে ঢাকা-মাওয়া সার্ভিস রোডে একটি জ্যাক (JAC) পিকআপে থাকা ৭-৮ সদস্যের ডাকাত দল কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক ও হেলপারকে জিম্মি করে নিজেদের পিকআপে তুলে বিভিন্ন স্থানে ঘোরানোর পর কেয়টখালী এলাকায় হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে রেখে তেলবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আফছার উদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। শ্রীনগর থানার মামলা নং-১১, তারিখ-১০/০৭/২০২৬; ধারা-৩৯৫/৩৯৭, পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়।
ঘটনার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।
বিশেষ অভিযানে ১০ জুলাই দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার কান্দাপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, লুণ্ঠিত বাকি তেল বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে ভাড়া নেওয়া একটি গোডাউনে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই এলাকার ইমরান হোসেন (৩২)-এর বাড়ির নিচতলার গোডাউনে অভিযান চালিয়ে আরও ৫৮ কার্টন ও অতিরিক্ত ৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ডাকাতির শিকার ১টি কাভার্ডভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ এবং মোট ৬৫২ কার্টন সয়াবিন তেল (৬৫২×১৮+৮) অর্থাৎ ১১ হাজার ৭৪৪ লিটার।
গ্রেপ্তারকৃত আব্দুল গনি মিয়ার গ্রামের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর যাদুরচর এলাকায় বসবাস করতেন। অপর গ্রেপ্তারকৃত অভি রহমান ঢাকার কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST