পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ, র্যালি ও চারা বিতরণ কর্মসূচি ২০২৬’।
শনিবার (১১ জুলাই) প্রকৃতিপ্রেমী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি এলাকায় পরিবেশ সচেতনতা তৈরিতে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি কলেজ ক্যাম্পাসের আঙিনায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস এবং রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম (মুন্নু মোল্লা)। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনের গুরুত্ব ও শোভা বৃদ্ধি করেন।
আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ফকির মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে নিয়মিত বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কলেজের এমন সৃজনশীল ও জনকল্যাণকর উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজ সাধুবাদ জানিয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রতিটি শিক্ষার্থীকে বৃক্ষপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST