পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, গত ০৩/১০/২০২৬ তারিখে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির প্রচার সম্পাদক নাঈমুর রহমান মারুফকে (ওরফে মো: মারুফ) প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে শনিবার লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭টি শূন্য পদে প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা
কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে প্রাথমিক বা নির্বাচিত প্রার্থীরা হলেন:
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: মো: মারুফ (পিতা: মহিউদ্দিন), (ছাত্রলীগের উপজেলা প্রচার সম্পাদক)। ল্যাব সহকারী (আইসিটি): মো: বেল্লাল (পিতা: মো: ফারুক হোসেন), ল্যাব সহকারী (পদার্থবিজ্ঞান): মো: তাওহীদুল ইসলাম (পিতা: মো: সেলিম হোসেন), ল্যাব সহকারী (উদ্ভিদ বিজ্ঞান): মো: হারিসুল ইসলাম (পিতা: মো: দেলোয়ার হোসেন), অফিস সহায়ক (১): রাশেদুল ইসলাম (পিতা: আব্দুস সালাম), অফিস সহায়ক (২): মোসা: আইরিন আক্তার বিধি (পিতা: মো: আব্বাস উদ্দিন আহমেদ) এবং নিরাপত্তা কর্মী: মো: সাফাত (পিতা: মো: দেলোয়ার হোসেন)।
তবে পরিচ্ছন্নতাকর্মী পদে কোনো যোগ্য প্রার্থী না পাওয়ায় ওই পদে নিয়োগ স্থগিত রয়েছে।
এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানে গিয়ে খোদ অধ্যক্ষের অফিসেই অভিযুক্ত তরুণকে উপস্থিত দেখা যায়। পরবর্তীতে নিয়োগের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মাসুদ কামাল হাওলাদার জানান, “সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ফল নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।” এছাড়া তিনি দাবি করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি মহোদয় এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এটি কেবল প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল টেস্ট ও ডোপ টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে গভর্নিং বডি চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করবে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নিয়োগ প্রক্রিয়া এবং বিতর্কিত ব্যক্তির প্রাথমিক নির্বাচন নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, নাইমুর রহমান নয়ন ওরফে মো: মারুফ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন থেকে ওই পদে মাস্টাররুলে সার্ভিস দিয়ে আসছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST