মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে লৌহজং উপজেলা পরিষদ মাঠে স্থানীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
এর আগে বিকেল ৩টা থেকে উপজেলা হলরুমে ভার্চ্যুয়ালি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন লৌহজং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠান শেষে লৌহজং উপজেলা পরিষদ মাঠে স্থানীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরা ইসলাম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মো. বাদল শেখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ ধরনের ক্রীড়া আয়োজন তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়ম-নীতি মেনে চলা, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। ভবিষ্যতে এসব প্রতিভাবান শিক্ষার্থী জাতীয় পর্যায়ে খেলাধুলায় অবদান রাখবে—এমন প্রত্যাশা তাঁদের।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST