রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশের পর ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে অবস্থিত কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত জসিম শেখ রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে জসিম প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা সরানোর চেষ্টা করেন। এ সময় ভারী বস্তাটি তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST