ফেনীতে মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গত ২১ আগস্ট রাত ৮টা ১০ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারের এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় দুই যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু থানার শিয়া পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং একই থানার পানের ছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।
র্যাবের ভাষ্য, আটক দুজনের সঙ্গে থাকা একটি কফি রঙের ট্রলি ব্যাগ ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে বিশেষভাবে রাখা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে এসব গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ আরও জানায়, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা গাঁজা-সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST