রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায়
জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শফিক
দেশের সূর্যসন্তান, মহান মুক্তিযুদ্ধের বীরযোদ্ধা মোঃ আবুল হোসেন চিরনিদ্রায় শায়িত হলেন। রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অনারের মাধ্যমে তাকে শেষ বিদায় জানিয়েছে জাতি।
তিনি গত সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নাম:মোঃ আবুল হোসেন
জন্ম: ০৮ জানুয়ারি ১৯৫৩
মৃত্যুকালে বয়স: ৭৩ বৎসর
স্থায়ী ঠিকানা: গ্রাম- লাকমা, ইউনিয়ন- উত্তর শ্রীপুর, উপজেলা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ
বর্তমান ঠিকানা: মাওনা চৌরাস্তা, শ্রীপুর উপজেলা, গাজীপুর
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ জোহরের নামাজের পর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার জাকির মেম্বার মাদ্রাসা ঈদগাহ ময়দানে হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অশ্রুসিক্ত চোখে উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, গাজীপুর জেলা ও মহানগর এবং শ্রীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।
জানাযা শেষে বেলা ২টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। রাষ্ট্রীয় সম্মান গার্ডের বন্দুকের শেষ সালামে বিদায় নিলেন জাতির এক বীর সন্তান।
মরহুমের মৃত্যুর সংবাদে সুনামগঞ্জের তাহিরপুরের লাকমা গ্রাম এবং গাজীপুরের শ্রীপুরে নেমে এসেছে শোকের ছায়া। সহযোদ্ধা ও এলাকাবাসী হারিয়েছেন একজন অভিভাবককে।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
শোক বিবৃতিতে নেতারা বলেন, “মরহুম আবুল হোসেন ছিলেন একজন নির্ভীক মুক্তিযোদ্ধা ও আদর্শবান দেশপ্রেমিক। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখেছিলেন। তার ত্যাগের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এবং স্থানীয় জনগণও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST