বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের গীতাঞ্জলী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আব্দুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. ইব্রাহীম রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্য এ্যাড. মো. আব্দুল আলিম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ডা. মো. ইব্রাহীম রহমান বাবু বলেন, মরহুম মশিউর রহমান ঝিনাইদহে যে উন্নয়ন করে গেছেন, সেগুলোই এখনো রয়ে গেছে। নতুন করে ঝিনাইদহে তেমন কোনো উন্নয়ন হয়নি। অনেক প্রতিষ্ঠান এখনো চালু হয়নি। তিনি আরও বলেন, আমাদের যেসব জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি, তাদের অনেকেই দল ও সরকারের খুব কাছাকাছি রয়েছেন। তারা মানুষের কাছে গিয়ে লম্বা লম্বা বক্তব্য দেন, কিন্তু বাস্তবে কোনো কাজ করছেন না। ঝিনাইদহের হাসপাতাল ও সড়কগুলোর বেহাল অবস্থা। আমরা এর অবসান চাই। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উন্নয়ন না করলে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, তার ফলাফল দেখতে পারবেন। নির্বাচনে হেরে যাওয়ার পর কেন হারলাম, কার কারণে হারলাম এসব না বলে আগে মানুষের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST