পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল চৌধুরী (৩৫) ও মো. সোহাগ (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার মাহমুদকাঠী কাটাপোল ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন নেছারাবাদ থানার এসআই (নিঃ) নুরুন্নাহারের নেতৃত্বে মোবাইল ডিউটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাহমুদকাঠী কাটাপোলের ওপর কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচা করছে। প্রাপ্ত সংবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মাহমুদকাঠী কাটাপোল ব্রিজের ওপর পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের তল্লাশি করা হলে ১নং আসামি সোহেল চৌধুরীর পরিহিত লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৪ পিচ হালকা গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নেছারাবাদ পৌরসভার জগৎপট্টি এলাকার মৃত আতাহার চৌধুরীর ছেলে মোড় সোহেল চৌধুরী (৩৫) এবং উত্তর জগন্নাথকাঠী এলাকার আলফাজ উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩২)। এ ঘটনায় এসআই (নিঃ) নুরুন্নাহার বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নেছারাবাদ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST