গত ১/১০/২০২৬ ইং তারিখে দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকার বিভিন্ন অবৈধ মালামালের তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েন সংবাদকর্মী মো: আমান উল্লাহ (আমান)। তিনি ভারত থেকে আসা বিভিন্ন অবৈধ মালামালের ভিডিও চিত্র ধারণ করে সংবাদ প্রকাশের জন্য বেশ কিছুদিন ধরে তথ্য সংগ্রহের কাজ করছিলেন। অনুসন্ধানকালে বিষয়টি অবৈধ মালামাল পাচারকারীদের নজরে আসে। পরবর্তীতে পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আমান উল্লাহ আমানকে ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে চিহ্নিত করে দুর্গাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমান উল্লাহ আমানের পরিচয় ও পেশাগত নথিপত্র যাচাই-বাছাই করে এবং ঘটনার সত্যতা পেয়ে তাকে ছেড়ে দেয়। হেনস্থার শিকার মো: আমান উল্লাহ আমান একজন পেশাদার সংবাদকর্মী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘শেষ সংবাদ’ পত্রিকার গ্রাম্যামান প্রতিনিধি এবং ‘অর্পণশিখা টেলিভিশন’-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও, তিনি ‘ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি’ ও ‘বাংলাদেশ স্টাফ রিপোর্টার’ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। প্রকৃত সত্য না জেনে এবং কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে তাঁকে নিয়ে ‘ভুয়া সাংবাদিক’ হিসেবে সংবাদ প্রচার করায় একাধিক সিনিয়র সাংবাদিক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST