
সামছুল আরেফিন, বেনাপোল
নানা জল্পনা-কল্পনা, সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম ঘিরে রাজনৈতিক উত্তাপ এবং তৃণমূল পর্যায়ের নানা সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে যশোর-১ (শার্শা) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের হাইকমান্ড তৃণমূলের মতামত ও দীর্ঘদিনের ত্যাগী রাজনীতিককে গুরুত্ব দিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের ওপর আস্থা রেখেছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে মাঠের ত্যাগী রাজনীতির স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছ
২৪ ডিসেম্বর বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক ঘোষণাপত্রে নুরুজ্জামান লিটনকে যশোর-১ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে আসনটিতে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তৃণমূলের মতামত,সাংগঠনিক দক্ষতাও রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করেই লিটনের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় নেতৃত্ব। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থেকে শার্শায় বিএনপির সাংগঠনিক ভিত শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন।
দলের নেতারা বলছেন, নুরুজ্জামান লিটনের বড় পরিচয় তিনি কাগুজে নেতা নন, তিনি রাজপথের পরীক্ষিত সংগঠক।
মামলা, গ্রেপ্তার আতঙ্ক ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি কর্মসূচি বাস্তবায়ন ও নেতাকর্মীদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দলের কঠিন সময়ে শার্শায় সংগঠন ধরে রাখাই ছিল তার বড় চ্যালেঞ্জ, যা সফলভাবেই সামাল দিয়েছেন এই নেতা।
উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু বলেন, ‘লিটন শুধু নেতা নন, তিনি একজন অভিভাবক। নেতাকর্মীদের পাশে থেকে তিনি দলকে আগলে রেখেছেন।
স্থানীয় নেতারা জানান, সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশ্নে নুরুজ্জামান লিটনের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ নেই। কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও তার গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের।
মনোনয়ন ঘোষণার পর শার্শা উপজেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকায় মিছিল, শুভেচ্ছা বিনিময় ও দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। অনেকের ধারণা, ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারলে এই আসনে বিএনপি শক্ত অবস্থানে থাকবে।
মনোনয়ন প্রসঙ্গে নুরুজ্জামান লিটন বলেন, ‘এই মনোনয়ন আমার একার নয়, শার্শার ত্যাগী নেতাকর্মীদের। দল সুযোগ দিলে আমি শার্শাবাসীর অধিকার আদায়ে আপসহীন থাকব।’
মনোনয়ন পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও জেলা বিএনপির নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, এটি দলের কৌশলগত সিদ্ধান্ত। এখন লক্ষ্য একটাই- ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে নামা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST