কুমারভোগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা ও শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকাল থেকেই কুমারভোগের মাওয়া চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। পরে মাওয়া চৌরাস্তা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বেশ কয়েকটি ওয়ার্ড প্রদক্ষিণ করে। মিছিলটি শিমুলিয়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মীর হাতে থাকা ধানের শীষ প্রতীক ও মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে, যা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
মিছিল শেষে শিমুলিয়া বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তারা বলেন, আগামীর নেতৃত্ব ও এলাকার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।
কর্মসূচির শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST