আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের বশির ভিলাস্থ তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, এবারের নির্বাচনে ভোট কারচুপি ও তথাকথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর চেষ্টা চলছে। তিনি বলেন, জাল ভোটের প্রস্তুতির অংশ হিসেবে এক জামায়াত সমর্থকের কাছ থেকে অবৈধ ৬টি ভোটের সিল উদ্ধারের ঘটনায় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এমন ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, ভোটার তালিকায় একাধিক ভুল ও অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এ্যানি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমের পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম যেন জনগণের আস্থা রক্ষায় ভূমিকা রাখে—এমন আহ্বান জানান তিনি।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য জোর তাগিদ দেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST