ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের বারান্দায় বিটিভি’র নারী সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ (এনজেইউসি)।
ভুক্তভোগী নারী সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁই বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ (এনজেইউসি)’র সদস্য। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার, ৩ জুন ২০২৬ তারিখে এনজেইউসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এম.এম. আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক লায়ন মো. সাইফুল ইসলাম রনি এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২ জুন সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁই তাঁর স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেনের দায়ের করা একটি সাধারণ ডায়েরি সংক্রান্ত বিষয়ে সিএমএম কোর্ট ভবনের চতুর্থ তলায় ৬ নম্বর আদালতের সামনের বারান্দায় অবস্থান করছিলেন। বেলা আনুমানিক ১টা ২৫ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁকে জোরে ধাক্কা দেয়।
এ বিষয়ে প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
হামলার ফলে সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ঘুষির আঘাতে তাঁর উপরের ঠোঁট ও নাক রক্তাক্ত জখম হয় এবং একটি দাঁত নড়ে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী আরও বেপরোয়া আচরণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। পরে তাঁর স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে আহত সাংবাদিককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বিচারপ্রার্থী মানুষের জন্য নির্ধারিত আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত স্থানে একজন নারী সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, উদ্বেগজনক এবং আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে দায়িত্ব পালন এবং অবাধ চলাচলের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “একজন নারী সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আদালত প্রাঙ্গণে সংঘটিত এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাবে।”
এনজেইউসি নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে হামলাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে তাঁরা সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST