মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের মধ্য কান্দিপাড়া থেকে আদর্শপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছেন স্থানীয়রা। গত শুক্রবার (১৯ জুন) শুরু হওয়া এ কার্যক্রম টানা এক সপ্তাহের প্রচেষ্টায় শুক্রবার (২৬ জুন) শেষ হয়েছে।
দীর্ঘদিন ধরে খালটি ময়লা-আবর্জনা ও পলি জমে ভরাট থাকায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে কৃষিজমিতে সেচ, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এসব সমস্যা দূর করতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খালটি পরিষ্কার করা হয়।
স্থানীয় সমাজসেবক মো. এস আলমের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন দিনে দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা খালের বিভিন্ন অংশ থেকে ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করে পানিপ্রবাহ সচল করার কাজ করেন।
স্থানীয়রা জানান, খালটি পরিষ্কার হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে, কৃষিজমিতে সেচ দেওয়া সহজ হবে এবং জলাবদ্ধতা কমবে।
শুক্রবার সমাপনী দিনে উপস্থিত ছিলেন মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম গাউস সিদ্দিক, লৌহজং উপজেলা যুবদলের সভাপতি লুৎফর রহমান পাভেল মোল্লা, মো. রাশেদ হাওলাদার, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. বিল্লালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির সমন্বয়কারী মো. এস আলম বলেন, খাল পরিষ্কারের পাশাপাশি এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। সবাই সচেতন থাকলে খালটি দীর্ঘদিন সচল থাকবে এবং এলাকার কৃষক ও সাধারণ মানুষ এর সুফল পাবেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST