মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযানে মোট ১২৬টি মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪১টি মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়। একইদিন পৃথকভাবে কোস্ট গার্ড সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আরও ৮৫টি মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করে।
অভিযানগুলো পদ্মা নদীর কনকসার, মাওয়া, হলদিয়া, পদ্মা সেতুর পূর্ব ও পশ্চিম পাশ এবং মেদিনীমণ্ডল এলাকায় পরিচালিত হয়। তবে কোনো মাছ জব্দ করা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। তিনি জানান, দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ এবং নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST