রাজবাড়ীর গোয়ালন্দে সামান্য পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হীরা (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (আজ) সকাল ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছোট ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ পৌরসভার তোরাই মোড় সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ কামরুল হোসেন (পিতা: মো. মনজুর হোসেন, সাং: কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রাম) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কামরুল হোসেনের ৫ থেকে ৬ হাজার টাকা পাওনা লেনদেন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে কামরুল ক্ষিপ্ত হয়ে শরিফুলকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৫ থেকে ৬ হাজার টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত কামরুল ইসলাম পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST