শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম (৩০), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), জামালপুরের দিগপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম (৩০) এবং শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST