মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বৌলতলী ইউনিয়ন পরিষদ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হযরত আলী মির্জা, সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা মোড়ল, সদস্য মোঃ পলাশ রাজ, বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কামাল হোসেন, ধরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম মৃধা, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার শিলা, সহকারী শিক্ষক সুমন আহমেদ, আসমা আক্তার ও হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় দক্ষিণ চারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে আলহাজ্ব মোহাম্মদ তোফাজ্জল শেখ প্রাথমিক বিদ্যালয়, ধারারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় সুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পয়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST