বৃষ্টির অজুহাত দেখিয়ে এখনও সব বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। যার মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। বাজারে লম্বা বেগুন ৮০-৯০ টাকায় বিক্রি হলেও গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, বাকি সবজিগুলোর দাম ৬০-১০ টাকার ঘরে। এ ছাড়া, কাঁচা মরিচের কেজি প্রায় চারশ ছুঁই ছুঁই। মান ও জাত ভেদে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৭০ টাকায়।
শুক্রবার (৩১ জুলাই) রাজবাড়ী,গোয়ালন্দ ও সদর উপজেলার খানখানাপুর বাজারে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সবজির দাম বাড়তি। আরও কিছুদিন সবজির এমন বাড়তি দামই থাকবে।
আজকের বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ৯০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা এবং টমেটো প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায়, শসা প্রতি কেজি ৯০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৬০-৮০ টাকায়, ধন্দুল প্রতি কেজি ৮০-৯০ টাকায়, বরবটি প্রতি কেজি ৮০-১০০ টাকায় এবং কাঁচা মরিচ জাত ও মান ভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার খানখানাপুর হাটের দিনে বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হামিদুর রহমান। তিনি বলেন, “গত ৪-৫ দিন যাবৎ সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টি ছিল, এখন সেভাবে বৃষ্টি নেই, তবুও দাম অতিরিক্ত বেশি। আজকে বাজারে বেগুন একশ টাকার ওপরে বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ ৩২০ টাকা থেকে ৩৭০ টাকা পর্যন্ত—তার মানে প্রায় চারশ ছুঁই ছুঁই। বিক্রেতারা বলছেন, বাজারে মালের সরবরাহ কম, কারণ বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে এখন বলতে গেলে কিছু সবজি একশ টাকার নিচে, বাকি সব একশ টাকার ওপরে। এত বেশি দামে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সবজি কিনে খাওয়া কঠিন।”
সবজি দাম বৃদ্ধির বিষয়ে খানখানাপুর বাজারের সবজি বিক্রেতা হাসেম শেখ বলেন, “গেল কিছুদিন যাবৎই সবজির দাম বাড়তি যাচ্ছে। মূলত বৃষ্টির কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঁচা মরিচের গাছ নষ্ট হয়েছে। সব মিলিয়ে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। টানা বৃষ্টির কারণে কৃষকরা ফসলের খেত থেকে সবজি তুলতে পারছেন না, সব মিলিয়ে বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। আরও কিছুদিন সবজির দাম এমন বাড়তি থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST