মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে আয়োজন করা হলো ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। গত ০৭ ও ০৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এই দুইদিনব্যাপী আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বাসিত সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা আক্তার, একাডেমিক সুপারভাইজার মোছাম্মৎ মাহাবুবা নাসরিন কেয়া এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবেকুন্নাহার সাবরিনা।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোতে নতুন চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তির ব্যবহার দর্শনার্থীদের মুগ্ধ করে।
৮ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেদিনি মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে হলুদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনের প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST