বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বৈদেশিক মুদ্রার সংকট কমাতে সারা দেশে বন্ধ থাকা পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়া ১০টি পাটকলের মধ্যে ২টিতে উৎপাদন শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাকি আটটি পাটকলও উৎপাদনে যাবে। এসব পাটকলে উৎপাদিত ৯০ শতাংশ পাটজাত পণ্যই বিদেশে রপ্তানি হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় নতুন ইজারার সম্ভাব্য তালিকায় থাকা কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটমন্ত্রী এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বিজেএমসির (বাংলাদেশ পাটকল করপোরেশন) বন্ধ থাকা পাটকলগুলো কীভাবে দ্রুত চালু করা যায়, তার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে চিন্তা করা হচ্ছে। যেসব পাটকল চালু করা সময়সাপেক্ষ ব্যাপার, সেগুলো আপাতত বাদ দিয়ে, যেগুলো দ্রুত চালু করা সম্ভব, তা যাচাই–বাছাই করা হচ্ছে। বন্ধ থাকা পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে যেতে পারলে স্থানীয়ভাবে কর্মসংস্থানও বাড়বে। এই যাচাইপ্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি এই পাটকল পরিদর্শনে এসেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST