মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর ভেঙে ফেলার প্রায় দেড় মাস পার হলেও এখনো শুরু হয়নি সংস্কার বা নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক ব্যবসায়ী। দ্রুত নির্মাণকাজ শুরুর দাবিতে শনিবার (৪ জুলাই) বিকেলে বাজার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির (LGED) Western Economic Corridor and Regional Enhancement Program (WeCARE) Phase-I প্রকল্পের আওতায় বিনোদপুর এলাকায় প্রায় ৩০.৭ কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। একই প্রকল্পে বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কারের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
ব্যবসায়ীরা জানান, প্রায় দেড় মাস আগে পুরোনো চান্দিঘরটি ভেঙে ফেলা হলেও নতুন নির্মাণকাজ শুরু না হওয়ায় রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। এতে প্রতিদিন ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি ক্রেতাদেরও দুর্ভোগ বাড়ছে।
অবস্থান কর্মসূচিতে বণিক সমিতির সভাপতি মো. শাহিদুল বিশ্বাস বলেন, “চান্দিঘর ভেঙে ফেলার পর দীর্ঘ সময় পার হলেও নতুন নির্মাণকাজ শুরু হয়নি। এতে ব্যবসায়ীরা প্রতিদিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত কাজ শুরু না হলে বাজারের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে।”
বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস বলেন, “প্রকল্পে চান্দিঘর সংস্কারের কথা থাকলেও শুধু সড়কের কাজ এগিয়ে চলছে। অথচ বাজারের প্রাণকেন্দ্র চান্দিঘরের কাজ শুরু হয়নি। আমরা দ্রুত নির্মাণকাজ শুরুর দাবি জানাচ্ছি।”
ব্যবসায়ীরা অবিলম্বে চান্দিঘরের নির্মাণকাজ শুরু, ব্যবসায়ীদের দুর্ভোগ নিরসন এবং প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন বলেন, “লে-আউট বা নকশাগত কিছু জটিলতার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সমস্যার দ্রুত সমাধান করে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই নির্মাণকাজ শুরু করা হবে।”
ব্যবসায়ীরা আরও জানান, দীর্ঘদিন ধরে খোলা স্থানে ব্যবসা পরিচালনা করতে গিয়ে তারা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। তাই দ্রুত চান্দিঘরের নির্মাণকাজ শুরু করতে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST