মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে পাইপের মাধ্যমে অবৈধ বালু ভরাট কার্যক্রম বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু ভরাটে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা ও মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগের ভিত্তিতে লৌহজংয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরজমিনে উপস্থিত হয়ে বালু ভরাট কার্যক্রমে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় সংশ্লিষ্ট এলাকায় অবৈধ বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান জানান, জনস্বার্থে অবৈধ বালু ভরাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু ভরাটের কারণে কৃষিজমি, পরিবেশ ও স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST