রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী বাস মালিক সমিতির আওতাধীন এই যানটি নিয়মিত দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটির ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বাসের ভেতরের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে আগুনের মূল সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের একাংশের ধারণা, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। আবার অনেকের মতে, বাসের ভেতরে চালক বা সহযোগীর জ্বালানো মশার কয়েল কিংবা পার্কিং করা বাসে মাদকসেবীদের আড্ডা ও তাদের ফেলা বিড়ি-সিগারেটের আগুন থেকেও এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এসব ধারণার কোনোটির পক্ষেই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST