সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতি। মানববন্ধনে শতাধিক পাথর ব্যবসায়ী, বাল্কহেড শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমান।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিধি অনুযায়ী পণ্য লোড-আনলোড বাবদ প্রতি ঘনফুটে মাত্র ৫০ পয়সা হারে টোল আদায়ের নিয়ম রয়েছে। কিন্তু জামালগঞ্জের বিভিন্ন নৌ-ঘাটে বিআইডব্লিউটিএ লোড ও আনলোডের জন্য আলাদা আলাদা ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা আদায় করছে। এই অতিরিক্ত টোল সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনি।
বক্তারা আরও বলেন, অতিরিক্ত টোলের কারণে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন এবং অনেকেই ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এতে হাজারো শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে সরকার নির্ধারিত হারে টোল আদায় নিশ্চিত করতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST