মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে চারজন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ করানোর) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা বিওপির আওতাধীন খালপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও কৃষকরা জানান, সকালে সীমান্তসংলগ্ন জমিতে কাজ করতে গিয়ে কাঁটাতারের কাছাকাছি একটি বাঁশঝাড়ের নিচে একজন নারী ও তিনজন পুরুষসহ চারজন অপরিচিত ব্যক্তিকে অবস্থান করতে দেখেন তারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কৃষকরা দ্রুত স্থানীয় বিজিবি ক্যাম্পকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হন। তবে ওই সময়েই সীমান্ত এলাকায় প্রবল বৃষ্টি শুরু হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে বিজিবি ও স্থানীয়রা তল্লাশি চালিয়ে সেখানে আর কাউকে পাননি। সীমান্তের ওই পয়েন্টে ভারতীয় জমি, নো-ম্যান্স ল্যান্ড এবং বাংলাদেশের পাটক্ষেত পাশাপাশি থাকায় ওই ব্যক্তিরা কোথাও আত্মগোপন করেছে নাকি বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশ-ইন করানোর উদ্দেশ্যেই সীমান্তে আনা হয়েছিল, যা বিজিবির দ্রুত সতর্ক অবস্থানের কারণে ভেস্তে যায়। উল্লেখ্য, এই সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।
এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে চারজনকে বাংলাদেশে পাঠানোর একটি চেষ্টা হয়েছিল। কিন্তু বিজিবির কঠোর নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো পুশ-ইনের চেষ্টা রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST