রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
এ সময় অবৈধ মাছ শিকারের দায়ে এক জেলেকে আটক করে নৌ পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পদ্মা নদীর দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে কলাবাগান মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। সাথে ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহাসহ পুলিশ সদস্যরা।
অভিযানকালে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮টি অবৈধ চায়না দুয়ারী এবং ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ইউএনও’র উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে আরও ৬০০ মিটার কারেন্ট জালসহ মোঃ ওসমান সরদার (৫০) নামের এক জেলেকে হাতেনাতে আটক করে নৌ পুলিশ। আটক ওসমানের বাড়ি দৌলতদিয়ার ইদ্রিসপাড়া গ্রামে। নৌ পুলিশ জানায়, আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST