সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। অভিযানের সময় মাদক কারবারিরা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ২০ জুন ২০২৬ তারিখে দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন সিন্দিকালি বাজারে অবস্থান নেয়। দুপুর ১টা ৫৫ মিনিটে সলুকাবাদ ইউনিয়নের মথুরাকান্দি বাজারের ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানরত ২-৩ জন ব্যক্তিকে দেখতে পায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে সুকৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে বস্তার ভেতর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক ২-৩ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। জব্দকৃত আলামতসহ মামলাটি বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST