রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানের সময় প্রশাসনের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ফয়সাল (২৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছিনতাই করে নিয়ে গেছে স্থানীয় সংঘবদ্ধ অপরাধী চক্র।
গতকাল শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
অভিযান সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতদিয়া এশিয়া বোর্ডিং ও পুড়াভিটা এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম অংশে এশিয়া বোর্ডিং এলাকা থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় ঢাকার ধামরাইয়ের বেলিশ্বর এলাকার মৃত আনন্দ চন্দ্র শীলের ছেলে আশীষ চন্দ্র শীলকে (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এরপর পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সালকে নগদ টাকা ও মাদকসহ গ্রেফতার করে হ্যান্ডকাফ পরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে আচমকা প্রশাসনের ওপর হামলা চালায়। তারা সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং একপর্যায়ে ধস্তাধস্তি ও মারধর করে হ্যান্ডকাফসহ ফয়সালকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসীর হাসান খান জানান, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছিল। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হলেও পুড়াভিটার মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে অন্য আসামিকে হ্যান্ডকাফসহ ছিনতাই করে নিয়ে গেছে। এ সময় আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।”
এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরকারি কর্মচারীদের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় থানা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST