আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দেশের প্রতিটি পূজা মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব বলেন, সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করা এবং সার্বিকভাবে তাদের দুর্গাপূজার উৎসবে শামিল থেকে প্রত্যেকে যাতে সবার আনন্দ ভাগ করে নিতে পারে— সে বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কীভাবে সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপে নেতাকর্মীরা স্থানীয় পূজামণ্ডপের পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করবেন, তা নিয়ে আলোচনা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, নানাভাবে দেশের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কেউ কেউ নানা ধরনের নীলনকশা করছে। তবে সরকার দক্ষ ব্যবস্থাপনা ও দক্ষভাবে দেশ পরিচালনার মধ্যদিয়ে সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম হবে। দলের নেতা-কর্মীরা এ বিষয়ে সদা সতর্ক থাকবে। তারা নির্ঘুম প্রহরীর মতো প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন এবং প্রহরীর ভূমিকা পালন করবেন। এ বিষয়ে কী কী করণীয় এবং ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে— সভায় সেসব নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST