সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জুন (রবিবার) উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে সকাল থেকেই শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট দুটি বয়সভিত্তিক গ্রুপে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে:
৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ)।
১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ)।
ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি রক্ষা করে এবং স্বাভাবিক ও সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন—”একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। ভিটামিন ‘এ’ শুধু অন্ধত্বই দূর করে না, বরং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। গোয়ালন্দ উপজেলার একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমাদের টিম কাজ করে যাচ্ছে। আমি সকল বাবা-মাকে অনুরোধ করব, আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান এবং তাদের সুরক্ষিত রাখুন।”
স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পেইনে উপজেলার সকল স্তরের সাধারণ মানুষ ও মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST