চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীর ব্যক্তিগত উদ্যোগে ফৈলাকান্দি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এম ইলিয়াছ আলীর পিতা-মাতা ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মাদ্রাসার ছাত্র, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী।
দোয়া ও মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম ইলিয়াছ আলী বলেন, “আমি আজকে এই মাদ্রাসায় এসেছি শুধু দোয়া চাইতে। আপনারা আমার জন্য, আমার পিতা-মাতা ও সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি এবং সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সেই সুযোগটি আপনারা আমাকে করে দেবেন—এটাই আশা করি।”
তিনি আরও বলেন, “আমি যদি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে কথা দিতে পারি—জনগণের জন্য বরাদ্দ সরকারি বাজেটের একটি টাকাও আমার দ্বারা তছরুপ হবে না। আমি প্রতিটি ওয়ার্ডে কমিটির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করব। আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন। আমি কোনো লোভী ব্যক্তি নই। সুতরাং আমি চেয়ারম্যান হলে আপনাদের সকল প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন ফৈলাকান্দি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার সুপার হাফেজ মাওলানা আসাদুল্লাহ, পরিচালনা কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম খান মানিক, সহ-সেক্রেটারি আব্দুল মান্নান খান, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান খান, সহকারী কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন খান, প্রচার সম্পাদক বিল্লাল চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST