মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকার মাওয়া পুরাতন ঘাট সংলগ্ন সুরেশ্বর ফারুক অটো গ্যারেজে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া ব্যাটারি গুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে একটি ডাকাত দল গ্যারেজে হানা দিয়ে দারোয়ান ও এক চালককে বেঁধে রাখে। পরে গ্যারেজে থাকা ২২টি অটোগাড়ি থেকে ৯৫টি ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর গ্যারেজের মালিক বাবুল বেপারী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানাধীন ২১৩/২ দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার তামিম এন্টারপ্রাইজের সামনে থেকে মো. মাসুদ (৩৩) নামে একজনকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুদ দাবি করেন, ডাকাতি হওয়া ব্যাটারিগুলো মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার মালখানগর চৌরাস্তা এলাকার আসলাম সাইকেল স্টোরের মালিক আসলামের কাছে ৬ লাখ ৭৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে বিক্রি করা ব্যাটারিগুলো উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে আসলাম জানান, তার বন্ধু টঙ্গীবাড়ী এলাকার সজিব ফকির (২৯) বিক্রির জন্য ব্যাটারিগুলো তার কাছে নিয়ে আসেন। এ ঘটনায় মাসুদ, আসলাম ও সজিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST